ছবি: সংগৃহীত
সংসদীয় আসন ঢাকা-৭-এর এলাকাধীন চকবাজারে মহাপরিচালকের নির্দেশনায় অগ্নিনিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ মহড়া আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় এই প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শুরু হয়।
শুরুতেই ফায়ার সার্ভিসের সঙ্গে চকবাজারের ব্যবসায়ী, দোকানদার, বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন ও লালবাগ ফায়ার স্টেশন যৌথভাবে অংশগ্রহণ করে।
মহড়া প্রদর্শনের পর উপস্থিত সকলকে অগ্নিপ্রতিরোধে করণীয়, ফায়ার এক্সটিংগুইসারের ব্যবহার এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এরপর গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণ প্রদর্শণ ও অনুশীলন করানো হয়।
দোকান মালিক সমিতির সহ-সভাপতি ও ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সবশেষ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা চকবাজারের বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করেন।
এ সময় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এর বিষয়ে সকলকে অবহিত করা হয় এবং হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার লাগানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জোন কমান্ডার ফয়সালুর রহমান ও মোহাম্মদ এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা ও মো. মোস্তাফিজুর রহমানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশের খবর/আরইউ

