Logo

জাতীয়

নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৮:২৭

অ
নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বর্তমান পরিস্থিতি এবং আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও জানানো হয়, মোতায়েনকৃত এই সুশৃঙ্খল ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবেন।

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, এর আগে গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই বিশেষ মোতায়েন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন