Logo

জাতীয়

৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২০:২১

অ
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় বন্ধ রয়েছে থানা দুটির সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। ফলে সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ দায়েরসহ প্রয়োজনীয় পুলিশি সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। থানার ভবন, নথিপত্র, কম্পিউটার, অস্ত্রাগার ও যানবাহন পুড়ে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম চালু করতে হিমশিম খাচ্ছে জেলা পুলিশ।

দুই থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। অন্তত জিডি কার্যক্রম দ্রুত চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে রয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা এসব সদস্য জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে থানা ২টির সব ধরনের দাপ্তরিক সেবা। থানায় এসে প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেকে। তবে শিগগিরই থানাগুলোর কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ। 

জানা গেছে, গত ১০ নভেম্বর আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে জানা গেছে। 

এ ঘটনায় গত ১৭ নভেম্বর বিকালে উপজেলা চত্বর থেকে ২ আসামিকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। সন্ধ্যার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে মাইকিং করে থানা ঘেরাও করেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে টুঙ্গিপাড়া থানা পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পুলিশের সদস্যরা পিছু হটলে নেতাকর্মীরা থানায় ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট এবং হাজতখানা ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তবে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। এ ছাড়া টুঙ্গিপাড়া থানা পুলিশের কয়েকটি গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়।

অন্যদিকে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানা পুলিশের কয়েকটি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। 

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) সুবীর কুমার সাহা বলেন, আগুন দেওয়ায় আমাদের ৪টি পুলিশ গাড়ি ও ২টি মোটরসাইকেলসহ বিভিন্ন মামলায় জব্দ করা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। এ ছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল লুট হয়েছে। মূলত আমাদের থানার সবকিছু পুড়ে যাওয়ায় আমাদের হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে। অস্ত্রের বিষয়ে একই অবস্থা। আগুন দেওয়ার পর সালথা থানা থেকে পুলিশ এসে অস্ত্র কিছু উদ্ধার করেছে। কিন্তু আমাদের রেজিস্ট্রার পুড়ে যাওয়ায় আমাদের সংখ্যার হিসাব মিলাতে পারছি না।

শিগগিরই থানা চালু হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, থানার তো কিছুই নেই। এই থানার পূর্ণ সেবা পেতে হলে একটু সময় লাগবে। তবে অন্তত জিডিটা যেন দ্রুত চালু করা যায়, সে জন্য কাজ করছে জেলা পুলিশ।

শনিবার ২টি থানা ঘুরে দেখা যায়, থানার বাইরে পড়ে আছে পুড়ে যাওয়া গাড়ি ও মোটরসাইকি। ভেতরে ঢুকলে চোখে পড়ে যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকার মতো ধ্বংসস্তূপ। ২টি থানার ওসির কক্ষে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। এ ছাড়া ওসি তদন্ত ও অপারেশন কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ এবং পুলিশ সদস্যদের ব্যারাকেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। থানা ২টির নথিপত্র ও কম্পিউটারও আগুনে পুড়ে গেছে।

থানা দুটিতে গিয়ে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায় বেশ কয়েকজনকে। তাদের একজন আসিয়া বেগম। তিনি বলেন, আমাদের বাড়ি টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া এলাকায়। আমার নাতি ২ দিন আগে হারিয়ে গেছে। আমি নিখোঁজ ডায়েরি করতে এসেছি। কিন্তু কোনো ধরনের সেবা পেলাম না। থানা জ্বালিয়ে দিয়েছে। পুলিশও কেউ নেই। পুলিশ ছাড়া আমার নাতিকে কে খুঁজে দেবে? 

সেবা নিতে আসা আরেক ব্যক্তি রহিজ মোল্লা বলেন, আমাদের বাড়ি মুকসুদপুর থানার মোচনা ইউনিয়নে। আমাদের পাশের বাড়ির লোকজন জোরপূর্বক আমার জমিতে ঢুকে পাকা ঘর নির্মাণ করছে। বাধা দিলে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। উপায় না পেয়ে আমি আইনের আশ্রয় নিতে আসছিলাম। থানায় এসে দেখলাম থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে পুলিশের কেউ নেই।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হুমায়ুন কবির বলেন, আমরা চেষ্টা করছি ধ্বংসস্তূপ থেকে যতটা পারা যায় সেবা চালু করার। অন্তত জিডিগুলো যেন আমরা চালু করতে পারি, সেই চেষ্টা চলছে আমাদের।

গোপালগঞ্জসহ ৭ জেলায় বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার: সহিংসতা ঠেকানোর লক্ষ্যে গোপালগঞ্জ জেলায় ২ ব্যাটালিয়নসহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

প্রতিটি ব্যাটালিয়নে ৫৫ থেকে ৫৭ প্লাটুন বিজিবি সদস্য থাকেন। প্রতিটি প্লাটুনে ২০ থেকে ৩০ জন বিজিবি সদস্য রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা আর জননিরাপত্তার জন্য হুমকি—এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র (লাইভ ফুটেজ) সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে বিজিবি সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন।

আরও বলা হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন