Logo

জাতীয়

১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪

অ
১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। তবে ঢাকার বাইরে শীতে তীব্রতা আরও বেশি। এর মধ্যে রাজশাহী, গোপালগঞ্জসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।

শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

ডিআর/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন