সচিবালয়ে অবস্থান এড়াতে বলল পুলিশ, এসআইরা অনড়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:০৯
ছবি : বাংলাদেশের খবর
আন্দোলনকারী এসআইদের কেপিআইভুক্ত (কী পয়েন্ট ইনস্টলেশন) এলাকা সচিবালয়ে অবস্থান না নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার রমনা জোনের ডেপুটি কমিশনার মাসুদ আলম। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়টি বিবেচনায় এনে এ নির্দেশ দেওয়া হয়েছে। তবে অবস্থানরত ৪০তম ব্যাচের ক্যাডেট সাব-ইন্সপেক্টররা (এসআই) জানিয়েছেন, ১৪৪ ধারা এড়িয়ে সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত তাদের অবস্থান অব্যাহত থাকবে।
রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‘কেপিআইভুক্ত এলাকায় যেকোনো ধরনের অবস্থান বা জমায়েত আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। তাই সবার প্রতি আহ্বান জানাই, এ ধরনের এলাকাগুলো এড়িয়ে চলার জন্য।’
কেপিআইভুক্ত এলাকায় অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্যাডেট এসআইদের মধ্যে একটি স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে। ডিসি মাসুদ আলমের নির্দেশনার পরও অবস্থানকারীরা সরে না যাওয়ায় এ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহলে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে সকাল ১০টা থেকে সচিবালয়ের ১ ও ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন এসআইরা। অবস্থানরত এসআইরা জানান, তাদেরকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করে দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় তারা (৩২১ জন) আজ আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন।
এনএমএম/এমজে

