গণভবনে কে বসবে, সেই সিদ্ধান্ত দিল্লির নয় : হাসনাত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:২৯
গণভবনে কে বসবে, সেই সিদ্ধান্ত দিল্লির নয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে চিটাগাংরোডস্থ শিমরাইল মোড়ে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, ‘এদেশে ভারতের দাদাগিরি আর চলবে না। গণভবনে কে বসবে সেই সিদ্ধান্তও আর দিল্লি থেকে আসবে না। বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন।’
তিনি বলেন, ‘লড়াই শেষ হয়ে যায়নি। শহীদ হওয়ার যাত্রা অব্যাহত থাকবে। আমাদের ওয়াসিম শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, আবু সাঈদ শহীদ হয়েছে। এরপর হয়তো শহীদদের খাতায় আমার কিংবা আপনার নামও থাকতে পারে।’
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ দাবির কেন্দ্রঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
পথসভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ-মুখপাত্র আরেফিন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী প্রমুখ।
এনএমএম/এমজে

