পিচ্চি হেলাল ও ইমনকে আইনের আওতায় আনা হবে : ডিবি প্রধান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৩২
গণ অভ্যুত্থানের পর জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল ও আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দ্রুতই আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য আমরা বিশেষ নজর দিচ্ছি। কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক, ইমন হোক। তাদের আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অবশ্যই তারা গ্রেপ্তার হবেন।
সম্প্রতি এই দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। সর্বশেষ এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লানের দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় করা মামলায় ইমনকে এক নম্বর আসামি করা হয়।
ডিবিপ্রধান বলেন, কোনো চাঁদাবাজ ও ছিনতাইকারীদের ঠিকানা এই দেশে হবে না। পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে। রাজধানীসহ বিভিন্ন জায়গা গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় বন্দুক, বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কোনো অপরাধীকে আইনের আওতায় আনতে আমি ব্যক্তিগতভাবে রক্তচক্ষুকে ভয় পাই না। যতদিন কাজ করব ততদিন দেশ ও জনগণের সেবার মানসে থাকব। অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি, ভবিষ্যতেও করবো না। আমার হারানোর কিছু নেই। দীর্ঘ ১৮ বছর পুলিশে যে অত্যাচার, নির্যাতন সহ্য করেছিলাম তা থেকে ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের মুক্ত করেছে। এজন্য ছাত্র-জনতার কাছে আন্তরিক কৃতজ্ঞ। বর্তমান সরকার প্রধান শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী সমাদৃত। তার অধীনে আমরা যেসব পুলিশ কাজ করতে পারছি এজন্য গর্বিত।
এনএমএম/ওএফ

