অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাচ্ছে : ১২ দলীয় জোট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:১১
ছবি : বাংলাদেশের খবর
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে মন্তব্য করেছে ১২ দলীয় জোট। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ১২ দলীয় জোট আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন জোটের নেতারা।
তারা বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘোষণা পত্র নিয়ে ধুম্রজাল ও অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে। আমাদের মধ্যে এই উপলব্ধি হচ্ছে যে, আমার যারা দীর্ঘ ১৬ বছর যাবত ফ্যাসিবাদ শক্তি অপসারণের জন্য মরণপণ আন্দোলন সংগ্রামে ছিলাম তাদের প্রতি উপেক্ষা ও উদাসীনতা প্রদর্শন করা হচ্ছে। বিগত সরকারের সময় মিথ্যা মামলায় জর্জরিত নেতাকর্মীরা এখন পর্যন্ত মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাচ্ছে না।’
এসময় তারা বলেন, ‘সর্বদলীয় বৈঠকের বিষয়ে আমরা কোন বার্তা পাইনি। আমরা অনেক অংশীজনের সাথের কথা বলে জানতে পেরেছি তারাও আজকের সর্বদলীয় বৈঠকে আমন্ত্রিত হয়নি। যেহেতু বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আমরা আশা করেছিলাম সরকার আন্দোলনের সকল অংশীজনদের সম্মান প্রদর্শনপূর্বক আমন্ত্রণ জানাবেন। এক্ষেত্রে আমার চরম আশাহত হয়েছি।’
তারা আরও বলেন, ‘জুলাই ঘোষণা পত্রে ১২ দলীয় জোট সহ বিগত ফ্যাসিবাদ বিরোধী সকল দলের ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম, গুম-খুন, নির্যাতন-নিপীড়ন, জেল-জুলুমসহ রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একমত হয়ে তা করতে হবে। আমরা জুলাই-আগস্টের ফ্যাসিবাদ বিরোধী এই জাগরণকে, 'গণ- অভ্যুত্থান' বলে মনে করি। ফলে 'প্রোক্লেমেশন' নয়, গণ-অভ্যুত্থান নিয়ে একটা 'ডিক্লারেশন' বা 'ঘোষণা' আসতে পারে বলে মনে করি। ১২ দলীয় জোট মনে করে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে। সে অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে।’
এসআইবি/এমআই

