Logo

জাতীয়

দশ ট্রাক অস্ত্র মামলায় কারামুক্ত এনএসআইয়ের ডিজিসহ ৫ জন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৪৬

অ
দশ ট্রাক অস্ত্র মামলায় কারামুক্ত এনএসআইয়ের ডিজিসহ ৫ জন

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় আরও পাঁচজন মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল-মামুন মুক্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। মুক্তিপ্রাপ্তরা হলেন, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহসিন উদ্দিন তালুকদার, সাবেক মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) হেলাল উদ্দিন খান।

এ ছাড়া একই দিন বিকালে এনএসআইয়ের সাবেক নিরাপত্তা বিভাগের পরিচালক (ডাইরেক্টর) উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমেদ এবং এনএসআইয়ের সাবেক পরিচালক মেজর (অব.) এম লিয়াকত হোসেনও মুক্তি পেয়েছেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তির প্রক্রিয়া চলাকালে, কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং অন্য কোনও মামলায় আটকাদেশ না থাকায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এ ছাড়া আজ সকালেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও দশ ট্রাক অস্ত্র মামলায় দীর্ঘ ১৭ বছর কারাবন্দী থাকার পর কারামুক্তি পেয়েছেন।

এনএমএম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন