তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৭
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনটির শুনানি রোববার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় এই শুনানি অন্তর্ভুক্ত হয়েছে।
এ ব্যাপারে গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছিলেন। রিভিউ আবেদনের পক্ষে উপস্থিত থাকবেন আইনজীবী জয়নুল আবেদীন, শরীফ ভূঁইয়া এবং মোহাম্মদ শিশির মনির, আর রাষ্ট্রপক্ষে থাকবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর পঞ্চদশ সংশোধনী পাস হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। তবে, গত ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রিভিউ আবেদন দাখিল করা হয়।
ডিআর/এমজে

