Logo

জাতীয়

বিজিবি পাচ্ছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮

অ
বিজিবি পাচ্ছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যক্রমকে আরও কার্যকরী করতে টিয়ারশেল (কাঁদানে গ্যাস) ও সাউন্ড গ্রেনেড কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সীমান্তে বিজিবির কাছে সবসময় লেথাল (প্রাণঘাতী) অস্ত্র ছিল, কিন্তু কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে—যেমন, বিজিবি কেন সাউন্ড গ্রেনেড কিংবা কাঁদানে গ্যাস ব্যবহার করেনি। তবে বিষয়টি হলো, তাদের কাছে এসব ছিল না, তাদের কাছে কেবল লেথাল অস্ত্র ছিল যা তারা ব্যবহার করতে পারেনি।’

চাপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশ ও ভারতীয়দের মধ্যকার সংঘর্ষের সময় বিজিবি কেন টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেনি— এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছিল না, তাই তারা এগুলো ব্যবহার করতে পারেনি। তবে এখন আমরা বিজিবিকে এসব সরঞ্জাম ব্যবহার করার অনুমতি দিয়েছি এবং তাদের জন্য এই জিনিসগুলি ক্রয় করা হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং বড় ধরনের কোনো সমস্যা নেই। আমাদের লক্ষ্য হলো, সীমান্তে শান্তি বজায় রাখা। বিজিবির সক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া।’

এ ছাড়া বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার মাধ্যমে তাদের অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করা হবে, যাতে তারা ভবিষ্যতে সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও দক্ষতা দেখাতে পারে।

এ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সরকারের পরিকল্পনা হলো, সীমান্তে নিরাপত্তা আরও মজবুত করা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা মোকাবিলা করার জন্য বিজিবিকে আধুনিক উপকরণ ও প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত রাখা।

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন