ইতালির রাজধানী রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়।
বুধবার (২২ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে।
তিনি বলেন, সব যাত্রী নিরাপদে উড়োজাহাজ থেকে নেমে টার্মিনালে গেছেন। কোনো ধরনের হুমকি আছে কিনা, তা খতিয়ে দেখতে প্রোটোকল অনুসরণ করা হচ্ছে।
প্রসঙ্গত, ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।
ডিআর/এসবি/এনজে

