বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেম এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনের এসআই মিশন বিশ্বাস তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিলের জন্য শুনানি করেন। এ ছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক রিমান্ডের এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালক ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
জেএন/এমজে

