এক টাকার দুর্নীতি প্রমাণিত হলেও দায় নিতে প্রস্তুত : হাসনাত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮
হাসনাত আব্দুল্লাহ /ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমার বিরুদ্ধে যদি এক টাকার দুর্নীতিও প্রমাণিত হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।
শুক্রবার (২৪ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
হাসনাত তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিবেন।’
তিনি বলেন, ‘আমার অনুরোধ থাকবে যারা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সাথে সাথে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যেকোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন। অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।’
তার ওয়ালে শেয়ার করা একটি পোস্টে বলা হয়েছে, ‘আসমানের নিচে, জমিনের উপরে, আমার ভাইব্রাদার কারো নামে যদি এক টাকাও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন, তাইলে আমারে এই ব্যাপারে তথ্য প্রমাণ দেন।
তথ্য প্রমাণ পাওয়া মাত্রই আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করবো। এই পোস্টের কমেন্টে বা আমারে ইনবক্সে দিতে পারেন।
বিশেষত, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে আমাকে জানান।’
ওএফ

