Logo

জাতীয়

জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে : অ্যাটর্নি জেনারেল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:০১

অ
জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে : অ্যাটর্নি জেনারেল

ছবি : সংগৃহীত।

বাংলাদেশের সংবিধান সার্বভৌম ও কার্যকর করতে হলে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘খসড়া সংবিধানের প্রস্তাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এই সেমিনারের আয়োজন করে। 

রোববার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘জনগণের ভোটের অধিকার নিশ্চিত হলে সংবিধান অনুযায়ী আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়বিচার, মৌলিক মানবাধিকার, মৌলিক অধিকারসহ আরও যা যা প্রত্যাশার জায়গা আছে সব নিশ্চিত হবে।’

তিনি বলেন, 'সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করলেই আমার মনে হয় এই সংবিধান সার্বভৌম হবে। সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।' 

অ্যাটর্নি জেনারেল বলেন, সংস্কারের মাধ্যমে সংবিধানে একটি জায়গা নিশ্চিত করতে হবে যেন জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে। 

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করার গুরুত্ব তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জনগণের ভোটের অধিকার নিশ্চিত হলেই সংবিধানের আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়বিচার, মৌলিক মানবাধিকার, মৌলিক অধিকারসহ আরও যা যা প্রত্যাশার জায়গা আছে সব নিশ্চিত হবে। সেখানে যদি গরমিল থাকে তাহলে যত ভাবেই প্রতিষ্ঠানকে ঢেলে সাজান না কেন, কোনো প্রতিষ্ঠানই কাজ করবে না। সুপ্রিম কোর্টও রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে আমরা দেখেছি। এই অবস্থা থেকে উত্তোরণের জন্য একমাত্র পথ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা। ভোটের মাধ্যমে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।’

এর আগে খসড়া উপস্থাপনায় দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কেউ দু’বারের বেশি নির্বাচিত হতে পারবেন না, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং বিচারক নিয়োগে সুপ্রিম জুডিসিয়াল কমিশন গঠনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। 

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খসড়া সংবিধানের প্রস্তাব তুলে ধরেন ল' রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন। এসময় স্বাগত বক্তৃতা করে এলআরএফ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন। 

এছাড়া, বিষয়টির ওপর আরও বক্তৃতা প্রদান করেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সাবেক জেলা ও দায়রা জজ মাসদার হোসেন এবং ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় প্রমুখ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলআরএফ এর যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক সাকিল আহমাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার এবং কার্যনির্বাহী সদস্য শামীমা আক্তার, মো. ইয়াছিন ও আবু নাসের প্রমুখ। 

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন