Logo

জাতীয়

‘বাংলা একাডেমি হাসিনার দোসরদের লালনপালন করছে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩

অ
‘বাংলা একাডেমি হাসিনার দোসরদের লালনপালন করছে’

ছবি : বাংলাদেশের খবর

বাংলা একাডেমি শেখ হাসিনার দোসরদের লালনপালন করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষুদ্ধ কবি-লেখক সমাজ।

রোববার (২৬ জানুয়ারি) বাংলা একাডেমি সংস্কার, ফ্যাসিবাদের অপসারণ ও পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষুদ্ধ কবি-লেখক সমাজের বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচিতে এমন অভিযোগ করা হয়। 

ঘেরাও কর্মসূচিতে বাংলা একাডেমির প্রধান ফটকে আয়োজিত সমাবেশে কবি আবিদ আজম বলেন, বাংলা একাডেমি ফ্যাসিবাদের দোসরদের পুরস্কার দিচ্ছে। আমরা বাংলা একাডেমি সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু আমাদের সাথে আলোচনা করা হয়নি। বাংলা একাডেমির শুধুমাত্র মহাপরিচালক পরিবর্তন করে কাজ হবে না। কারণ তার আশপাশে বসে আছে শেখ হাসিনা ফ্যাসিবাদের দোসররা। আমরা দেখলাম বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হলো শেখ হাসিনার ফ্যাসিবাদের দোসরদের। যারা জুলাই-আগস্টে গণহত্যার সমর্থন দিয়েছে তারা অনেকে পুরস্কার পেয়েছে। সমালোচনার মুখে আবার বাংলা একাডেমি পুরস্কার স্থগিত ঘোষণা করেছে। বাংলা একাডেমি একটি ব্যর্থ প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। 

কবি ও সাংবাদিক এহসান মাহমুদ বলেন, বাংলা একাডেমির নির্বাহী পরিষদে হাসিনার দোসররা বসে আছে। বাংলা একাডেমির কাজ গবেষণা করা কিন্তু তারা গবেষণা না করে তথাকথিত চাকরি করেন। বছরের দুই-তিনটা সভা-সমাবেশ আর পুরস্কার ঘোষণা করেই তারা ক্ষান্ত হন। দেশের শিল্প-সাহিত্য এভাবেই ধ্বংস করেছে স্বৈরাচারী হাসিনা। এখন আর বাংলা একাডেমি এভাবে চলতে পারবে না। 

কবি সাম্য সাহা বলেন, ছাত্র-জনতার রক্তের সাথে বাংলা একাডেমি বেঈমানি করেছে। শেখ হাসিনার দোসরদের বাংলা একাডেমি পুরস্কার দিয়েছে। আমরা ২৪ ঘণ্টার সময় দিলাম। এই সময়ের মধ্যে কারা বাংলা একাডেমির পুরস্কার ঘোষণা করেছেন এবং জুরি বোর্ডে যারা আছেন তাদের পদত্যাগ করতে হবে। 

এর আগে শনিবার (২৫ জানুয়ারি) সমালোচনার মুখে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণার  দুই দিনের মাথায় তা স্থগিত করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান। 

পরে বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির এক সভা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ এর পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। এই অবস্থায় বাংলা একাডেমি পুরস্কারের পূর্বঘোষিত নামের তালিকা স্থগিত করা হলো। অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকা পুনঃপ্রকাশ করা হবে।’ 

এসআইবি/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন