বাংলা একাডেমির ডিজি
গণহত্যার রাজনীতিতে সম্পৃক্ততার প্রমাণ মিললে পুরস্কার বাতিল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:০৭
গণহত্যার রাজনীতিতে সম্পৃক্ততার প্রমাণ মিললে পুরস্কার বাতিল করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আজম। রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক এ কথা বলেন।
এ সময় তিনি জানান, বাংলা একাডেমি পুরস্কারের তালিকা প্রকাশের পর অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়েছে। তালিকায় নাম থাকা কারো বিরুদ্ধে গণহত্যা ও জনবিরোধী রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পুরস্কার বাতিল করা হবে।
ঘোষিত পুরস্কারের তালিকাটি সাময়িক স্থগিত করা হয়েছে জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক আজম বলেন, ‘সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কার ঘোষিত হলেও আমরা বিভিন্ন মাধ্যম থেকে নানা ধরনের মনোভাব ও প্রতিক্রিয়া দেখেছি। আমরা পুরো ব্যাপারটা আমলে এনেছি।’
পুরস্কার তালিকা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই তালিকাটি রিভিউ করব। প্রধানত গণহত্যা ও জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারও সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই, যে অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি। অনুসন্ধান করছি। যদি এ ধরনের সরাসরি সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। এর পরিবর্তে সেখানে কী ব্যবস্থা গ্রহণ করা যায়, সে বিষয়ে আমাদের যে কমিটিগুলো কাজ করছে তারা সিদ্ধান্ত নেবে।’
তিন কর্মদিবসের মধ্যেই অনুসন্ধানের কাজ শেষ করা আশা প্রকাশ করেন মোহাম্মদ আজম। তিনি বলেন, ‘বাংলা একাডেমির সার্বিক পরিস্থিতি এবং সার্বিক পরিচালনা পদ্ধতি নিয়ে নানান পক্ষের কিছু অসন্তোষ আছে। অনেকদিন আগে আইন হয়েছে, বিধি হয়েছে, প্রবিধানমালা হয়েছে। সেগুলো আমাদের পুনঃনিরীক্ষার প্রয়োজন অনেকদিন ধরেই বোধ করছিলাম।’
ডিআর/এমজে

