পরোয়ানা জারি, দুই অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪২
ছবি : বাংলাদেশের খবর
দুই অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়।
রোববার (২৬ জানুয়ারি) প্রজ্ঞাপন দুটি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বরখাস্ত হওয়া দুই পুলিশ সুপার হলেন, ১৬-এপিবিএন কক্সবাজারের শাহিদুল ইসলাম এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুরের সাদেক কাউসার দস্তগীর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এবং ঢাকা জেলার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে গত ৩০ অক্টোবর গ্রেপ্তার করা হয়। ৩১ অক্টোবর শাহবাগ থানায় হাজির করা হয়। একইদিন তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হস্তান্তর করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যে কারণে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ৩০ নভেম্বর ২০২৪ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এবং সাবেক এসএমপি উত্তরের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাদেক কাউসার দন্তগীরের বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় মামলা হয় এবং গত ১৮ ডিসেম্বর তাকে শেরপুর থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
সাদেক কাউসার দন্তগীরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০২৪ সালের ১৮ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
এনএমএম/এমআই

