নির্বাচন কমিশনে (ইসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৬ জানুয়ারি) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
তিনি বলেন, দুদকের সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকের নেতৃত্বে দুদকের একটি দল ইসিতে অভিযান করেছে। এ সময় নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত নথি চাওয়া হয়েছে।
আকতারুল ইসলাম জানান, অভিযানের সময় রেনডমের মাধ্যমে ইসিতে সংরক্ষিত মেশিনগুলোর মধ্যে তিনটি মেশিন পরীক্ষা করে দেখা হয়। এতে দুটি ভালো ও একটি অচল পাওয়া গেছে।
তিনি আরও জানান, ইসিতে ৬১৮টি, বিএমটিএফে ৮৬ হাজার এবং ১০টি আঞ্চলিক অফিসে ৬২ হাজার মেশিন সংরক্ষণ করা আছে। নিম্নমানের মেশিন ক্রয়ের ব্যাপারে কিছু রেকর্ড সংগ্রহ করা হয়েছে। বাকি রেকর্ডপত্রের রিকুইজিশন দেওয়া হয়েছে। নিম্নমানের মেশিন বেশি দামে কেনার অভিযোগ খতিয়ে দেখতে রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সেগুলো পেলে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।
এনএমএম/এমআই

