কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, সেই এএসআই গ্রেপ্তার
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৫১
ছবি : সংগৃহীত
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করেন পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনায় অভিযুক্ত এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম।
রোববার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।
বাংলাদেশের খবরকে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরার একটি ঘটনায় তার সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি দিঘীনালা থানায় কর্মরত ছিলেন। গতকাল রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এমএম/এটিআর

