Logo

জাতীয়

প্রস্তুত হচ্ছে ইজতেমা ময়দান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:৪০

অ
প্রস্তুত হচ্ছে ইজতেমা ময়দান

ছবি : বাংলাদেশের খবর

টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি এখন শেষ মুহূর্তে। তাবলিগের শুরায়ে নেজামপন্থীদের নেতৃত্বে আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে ঐতিহ্যবাহী ধর্মীয় এই সমাবেশ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি। 

পরবর্তীতে একই নেতৃত্বে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। 

সোমবার (২৭ জানুয়ারি) সরেজমিনে দেখা গেছে, বৈশ্বিক আয়োজনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে শেষ মুহূর্তে ব্যাপক প্রস্তুতি চলছে। টয়লেট, পানির ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, মাইক লাগানো—ইত্যাদি কাজে ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবকরা।

তবে বিগত বছরগুলোতে ইজতেমা শুরুর সপ্তাহ খানেক আগে থেকেই মুসল্লিদের একটি অংশ দেখা গেলেও এবছর ময়দানের চিত্র ভিন্ন। মাঠ প্রস্তুতির কর্মী ছাড়া এখন পর্যন্ত মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। 

রংপুর থেকে বিদ্যুৎ সংযোগের কাজে আসা হুমায়ূন কবির বলেন, ‘আগে এক পর্বে ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় জায়গার সংকট হতো। অনেকেই আগেভাগে এসে জায়গা দখল করতেন। এবার দুই পর্বে হওয়ায় জায়গার সংকট হবে না, তাই মুসল্লিরা দেরি করে আসছেন।’

মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত শফিকুল ইসলাম বলেন, ‘তাবলীগ জামাতের দুই পক্ষে বিরোধের কারণে এবার মুসল্লিদের সংখ্যা কম হতে পারে বলে ধারণা করছি। তবে ২৮ জানুয়ারির পর মুসল্লিদের সংখ্যা বাড়বে বলে আশা করছি।’

শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘সাদ পন্থীদের কর্মকাণ্ডের কারণে মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েছে। তবে তাদের বিতর্কিত কার্যক্রম সাধারণ মুসল্লিরা উপলব্ধি করার পর আলেমদের তত্বাবধানে পরিচালিত শুরায়ে নেজামের পক্ষে তারা ফিরে আসবেন। ২৮ জানুয়ারি থেকে মুসল্লিদের বড় অংশ আসতে শুরু করবে। এবছর আমাদের দুই পর্বের ইজতেমায় মুসল্লিদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছি।’

ময়দানে বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত খিত্তা এবং বয়ানের মঞ্চ প্রস্তুত হয়ে গেলেও জেলা ভিত্তিক খিত্তাগুলোর প্যাণ্ডেল প্রস্তুত হয়নি এখনো। 

এদিকে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে শর্তসাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম। 

তিনি বলেন, ‘সরকার আগামী বছর থেকে টঙ্গী ময়দানে ইজতেমা না করার শর্ত দিয়েছে, যেটা দেওয়ার এখতিয়ার সরকার রাখে না। মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে ইজতেমা করব।’

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হওয়ার পর থেকেই মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে নতুন তারিখে ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এবারের ইজতেমায় দুই পর্বে মুসল্লিদের সংখ্যা এবং আয়োজন কেমন হবে, তা দেখা যাবে আগামী দিনগুলোতে। তবে মাঠ প্রস্তুতির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এএস/এটিআর/এইচকে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন