Logo

জাতীয়

পিএসসির অধীনে নিয়োগপ্রাপ্ত ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:০১

অ
পিএসসির অধীনে নিয়োগপ্রাপ্ত ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত

পিএসসির অধীনে নিয়োগপ্রাপ্ত ৩৫৩৪ জনের নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেছে আদালত। সোমবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।  

শুনানি শেষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাকসুদ উল্লাহ জানান, পিএসসির অধীনে ৯ম ও ১০ম গ্রেডের (নন-ক্যাডার) কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে ২০২১ সালের ২৬ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ ২০২৫ সালের ২৩ জানুয়ারি ৩৫৩৪ জনের নিয়োগের সার্কুলার জারি করা হয়, যার মধ্যে ২০২৫ সালের ২৯ জানুয়ারি যোগদান করার নির্দেশনা দেওয়া হয়েছিল।  

সোমবার হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রুলনিশি জারি করেন, যাতে বলা হয় কেন এই নিয়োগ অবৈধ ঘোষণা করা হবে না। এ আদেশের পর নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করা হয়।  

এ মামলায় আবেদনকারী ১৮ জনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী এ জেড এম নুরুল আমিন, মো. মাকসুদ উল্লাহ, মো. রুকনুজ্জামান, আবু সাঈদ খান, শফিকুল ইসলাম প্রমুখ।  

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন