Logo

জাতীয়

বিজিবি-বিএসএফ বৈঠক নিয়ে মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:৩৭

অ
বিজিবি-বিএসএফ বৈঠক নিয়ে মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের তিনদিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। ওই বৈঠকের আলোচ্যসূচি ঠিক করতে বিজিবিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৈঠকে অংশ নিতে ভারত সফর করবেন। এ সময় তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন।

গত আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর এটাই হবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের প্রথম বৈঠক।

এর আগে সম্প্রতি এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সীমান্তে বেড়া দেওয়া ও সীমান্তের অপরাধ ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে। তবে গত নভেম্বরের বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।

এনএমএম/এটিআর/এইচকে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন