নির্বাচনের স্পষ্ট দুটি তারিখ দিয়েছে সরকার : প্রেস সচিব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৫
সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্পষ্ট দুটি তারিখ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মধ্য ফেব্রুয়ারিতে সব সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত হবে বলে জানান শফিকুল আলম। বলেন, ‘তারপরই সংস্কারের কাজ শুরু হবে। যদি ন্যূনতম সংস্কার হয়, তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর যদি আরেকটু বেশি সংস্কারের দরকার হয় তাহলে ২০২৬ সালের জুনের মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি সরকারপ্রধান নিজেও বলেছেন।’
ভোটের তারিখ কবে হবে, সেটি সংস্কারের ওপর নির্ভর করবে বলে জানান প্রেস সচিব। ‘নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবে।’
ফেব্রয়ারিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। এটা সরকারের কঠোর ও স্পষ্ট অবস্থান। ক্লিন ইমেজের কেউ যদি আওয়ামী লীগের রাজনীতি করতে চায়, তাহলে তাদের নিজ দলের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে ফিরতে হবে।’
ডিআর/এমজে

