সাবেক যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আদালত প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:১০
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এসময় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার অপর আসামি এনামুল হক আরমানের বিরুদ্ধেও একই আদেশ হয়েছে। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) মাহফুজ হাসান বলেন, অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত তারিখে আসামিরা হাজির ছিলেন না। তারা অসুস্থ বলে সময়ের আবেদন করা হয়।
এ মামলায় ২০২০ সালের ৯ ডিসেম্বর মাদক আইনে দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক আ. হালিম।
এছাড়া, ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন অস্ত্র আইনের মামলায় এ বছরের গত ১৬ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়েছে। শুনানিতে হাজির না থাকায় বিচারক সম্রাটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। এদিন দুপুর দেড়টার দিকে কাকরাইলে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।
জেএন/এটিআর

