নারীদের খেলাধুলাসহ কাজে বাধায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩
দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের দুটি ফুটবল ম্যাচে বাধা দেওয়ার ঘটনা এবং কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে নারীদের বাধা প্রদানের ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৈষম্য বা নিপীড়নের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সরকারের প্রেস উইং এক বিবৃতিতে জানায়, এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয় এবং স্থগিত হওয়া ম্যাচগুলো দ্রুত চালুর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যদি কেউ নারীদের অধিকার লঙ্ঘন বা বেআইনি নিষেধাজ্ঞা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, 'নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশি নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।'
বিবৃতিতে উল্লেখ করা হয়, 'কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়বেন।
'অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।'
সম্প্রতি দিনাজপুর ও জয়পুরহাটে ‘তৌহিদী জনতা’ বা ‘বিক্ষুব্ধ মুসল্লিদের’ দাবির মুখে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয়।
এছাড়াও, গত কয়েক মাসে নারী তারকাদের অনুষ্ঠান, ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমে বাধা দেওয়া এবং হামলার ঘটনা ঘটেছে।
সরকার এসব ঘটনায় কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছে।
ডিআর/এমএইচএস

