সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূর উদ্দিন পদত্যাগ করেছেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
সুপ্রিমকোর্ট প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, শাহেদ নূর উদ্দিনের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শেষে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এর আগে হাইকোর্ট বিভাগের আরও তিনজন বিচারক তাদের বিরুদ্ধে ওঠা প্রাথমিক তদন্ত চলাকালীন সময়ে পদত্যাগ করেছিলেন। পরে তাদের তাদের বিরুদ্ধে আর তদন্ত হয়নি।
শাহেদ নূর উদ্দিন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গতবছরের অক্টোবরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আওয়ামী শাসনামলে নিয়োগপ্রাপ্ত হাইকোর্টের ১২ জন বিচারককে ছুটিতে পাঠান। তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির নানা অভিযোগ এনেছিল বৈষম্যমূলক ছাত্র আন্দোলন।
- ডিআর/ওএফ

