আর্থিকখাতে ইতিবাচক পরিবর্তন লক্ষণীয় : টিআইবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৫১
অন্তর্বর্তী সরকার কাজ শুরুর পর বিভিন্ন ইতিবাচক দিক দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, আর্থিক খাতে এই পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়।
সোমবার (১৮ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষ্যে ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নতুন সরকার কৌশলগতভাবে অগ্রসর হচ্ছে। ইতিবাচক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু নতুন সরকারের অন্যতম দিক। জাতিসংঘ এই প্রক্রিয়ায় সরাসরি জড়িত না থাকলেও সহযোগিতা করছে। যা ইতিবাচক।
ইফতেখারুজ্জামান বলেন, গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের সই অনেক দীর্ঘ অপেক্ষার ফসল। গুম বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে, এটা অগ্রগতি।
তিনি বলেন, আন্দোলনে যারা আহত তাদের মধ্যে কিছু ক্ষোভ লক্ষ্য করা গেছে। এটা সমন্বয়হীনতার কারণে হয়েছে। শহীদ ও আহতদের যথাযথ সম্মান ও মর্যাদার বিষয়টি দেখতে হবে।
তিনি আরও বলেন, নতুন সরকার দায়িত্বগ্রহণ করলেও দ্রব্যমূল্যের ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙা যায়নি। দাম সাধারণ মানুষের হাতের নাগালে আসেনি। সিন্ডিকেট অনেক গভীরে থাকে। সাথে সাথে ইতিবাচক ফলাফল পাওয়া কঠিন। তবে, অনতিবিলম্বে এর ফলাফল দেখতে পাব।
ডিআর/ওএফ

