মুসলিম বিশ্বের দ্বিতীয় ও বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আনুষ্ঠানিকতা বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। ইজতেমার প্রথম দিন খুলনার আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
তিনি খুলনার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম লোকমান হোসেন গাজী।
শুক্রবার (৩১ জানুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। ২০ লক্ষাধিক মুসল্লিদের উপস্থিতে ইজতেমা ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১টা ৪৩ মিনটে জুমার খুতবা শুরু হয় এবং ১টা ৫৬ মিনিটে জামাত সম্পন্ন হয়। বিশাল এই জামাতের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল পালন করা হয়। তালিমের আগে মোজাকারা করেন মাওলানা জামাল সাহেব (ভারত)।
এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তুরাগ তীরে ইজতেমা ময়দানে বয়ান শুরু করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আর ওই বয়ানের তরজমা করেন মাওলানা জুবায়ের।
এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। পরে দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।
- এএস/ওএফ

