পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ পুনর্বহালসহ ১২ দফা দাবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩
ছবি : বাংলাদেশের খবর
‘আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের স্বীকৃতি আদায়ে আদিবাসীদের অস্তিত্ব রক্ষায়’ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।
শুক্রবার (৩১ জানুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে আদিবাসী ফোরাম আয়োজিত গণসমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
তাদের দাবিগুলো হলো :
১. বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
২. এনসিটিবির সম্মুখে আদিবাসী ছাত্র-জনতা ও অধিকার কর্মীদের উপর বর্বরোচিত হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শান্তি নিশ্চিত করতে হবে।
৩. পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহাল করতে হবে।
৪. আদিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।
৫. সময়সূচি ভিত্তিক রোডম্যাপ ঘোষণা পূর্বক পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
৬. সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে।
৭. আদিবাসীদের ভূমিতে তাদের পূর্ব সম্মতি ব্যতিরেখে ইকোপার্ক, সামাজিক বনায়ন, ইকোট্যুরিজম, ইপিজেড বা অন্য কোনো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন বন্ধ করতে হবে এবং সাহেবগঞ্জ বাগদাফার্মের ভূমি স্থানীয় মূল মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে।
৮.আদিবাসীদের উপর সকল নিপীড়ন নির্যাতন বন্ধ করাসহ সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৯. জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র ও আইএলও ১৬৯ নং কনভেনশন অনুসমর্থন ও আইএলও কনভেনশন ১০৭ বাস্তবায়ন করতে হবে।
১০. জাতীয় সংসদে আদিবাসীদের জন্য বিশেষ আসন সংরক্ষণ রাখতে হবে এবং স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসীদের জন্য নির্ধারিত আসন বরাদ্দ রাখতে হবে।
১১. চা বাগানে কর্মরত সকল আদিবাসীসহ সকল চা শ্রমিকের ন্যায্য মজুরিসহ তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
১২. প্রথম শ্রেণীর সরকারি চাকরি এবং দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৫ শতাংশ আদিবাসী কোটা সংরক্ষণ করতে হবে।
এসআইবি/এমবি

