বইমেলা
ঢাবি ক্যাম্পাসে প্রবেশে থাকছে না বিধিনিষেধ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২১:৪১
অমর একুশে বইমেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের যে বিধি-নিষেধ থাকে তা শিথিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর হতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড রাখবে না।
অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। সারাদেশ থেকে বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষ এ বইমেলা উপভোগ করতে আসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ঢাকা মহানগর ট্র্যাফিক বিভাগ এ প্রবেশপথগুলোতে যানবাহন সুশৃঙ্খলভাবে প্রবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে পার্কিং করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক দল এবং প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সদস্যরা ট্র্যাফিক বিভাগকে এ ব্যাপারে সার্বিক সহায়তা করবে।
উল্লেখ্য, বাংলা একাডেমি কর্তৃপক্ষ অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে যানবাহন চলাচল নির্বিঘ্ন করার জন্য ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।
ডিআর/এমবি

