Logo

জাতীয়

ডিএমপি

মেলায় বই প্রকাশের আগে পুলিশের অনুমোদনের সিদ্ধান্ত হয়নি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১

অ
মেলায় বই প্রকাশের আগে পুলিশের অনুমোদনের সিদ্ধান্ত হয়নি

অমর একুশে বইমেলায় বই প্রকাশের আগে পাণ্ডুলিপি যাচাইয়ের অংশ হিসেবে প্রকাশিতব্য বই বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দিতে হবে- এমন কোনো পরামর্শ বা সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্তে প্রতিবদন প্রকাশের পর সেটি ডিএমপির দৃষ্টি আকর্ষণ হয়েছে। 

ভিন্ন ভিন্ন শিরোনামে প্রকাশিত এ সংক্রান্তে প্রতিবেদনের বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) বইমেলা প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 

ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের আলোকে মেলায় প্রকাশিত বই যাচাই-বাছাই সম্পর্কে উত্থাপিত প্রশ্নের জবাবে এ সংক্রান্তে বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা কোনো উসকানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বাংলা একাডেমিকে অনুরোধ করা হয়। 

তিনি বলেন, ‘ইতোপূর্বে বইমেলা আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত বিভিন্ন অংশীজনের সাথে আলোচনায় এ সংক্রান্তে অনেকে বিষয়টি উপস্থাপন করেন। প্রকৃতপক্ষে প্রকাশিতব্য বইসমূহ আগামীতে পুলিশ কর্তৃক ভেটিং বা অনুমোদন সংক্রান্ত কোনো পরার্মশ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা বলা হয়নি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, লেখালেখির মতো সৃজনশীল কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করি। মুক্তমনের চর্চা ও বিকাশের পরিবেশকে আমরা স্বাগত জানাই। অতএব বর্ণিত বিষয়ে অহেতুক ভুল ব্যাখ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ডিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ করা হলো।’

এনএমএম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন