Logo

জাতীয়

বিশ্ব ইজতেমা : প্রথম পর্বের আখেরি মোনাজাত সকাল ৯টায়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২

অ
বিশ্ব ইজতেমা : প্রথম পর্বের আখেরি মোনাজাত সকাল ৯টায়

ছবি : সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ (রোববার ) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের আহমেদ এই মোনাজাত পরিচালনা করবেন। 

শনিবার (১ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ইজতেমার মুরব্বিদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত করবেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেদিকে আমাদের নজর আছে। আশা রাখি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।

এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। কাল (সোমবার) থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন