Logo

জাতীয়

আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪

অ
আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

মোনাজাতে অংশ নিতে রাস্তায় বসা মুসল্লিরা| ছবি : বাংলাদেশের খবর

টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ (রোববার ) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি মাওলানা জুবায়ের আহমেদ এই মোনাজাত পরিচালনা করবেন। 

শনিবার (১ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ইজতেমার মুরব্বিদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত করবেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেদিকে আমাদের নজর আছে। আশা রাখি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর থেকেই রাজধানীর সড়কগুলোতে ইজতেমামুখী মানুষের ঢল নেমেছে। 

সবাই আখেরি মোনাজাতে অংশ নিতে রওনা দিয়েছেন। গাড়ি না পেয়ে ইজতেমা এলাকার পাশাপাশি অনেকেই পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন ময়দানে। 

মিরপুর ১০ নম্বর থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে যাচ্ছেন তানভির হায়দার। পল্লবী এলাকায় কথা হয়েছে তার সঙ্গে। তিনি বলেন, আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর ৫টায় বাসা থেকে বের হয়েছি। দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছি না।

মিরপুর সাড়ে ১১ থেকে রওয়ানা দিয়েছেন তোফায়েল নামের একজন। তিনি জানান, ভোর ৫টায় সাড়ে ১১ তে নামাজ পড়েছি। নামাজ শেষে দাঁড়িয়ে আছি। টঙ্গীমুখী সব বাস যাত্রীতে ভরপুর। ঘণ্টাখানিক অপেক্ষা করে বাস না পেয়ে আমরা কয়েকজন সিএনজি ভাড়া করে যাচ্ছি।

মিরপুর ৬ নম্বর থেকে  নিজস্ব প্রাইভেট কার নিয়ে ইজতেমা ময়দানে যাচ্ছিলেন ব্যবসায়ী দিলদার হোসেন। তিনি বলেন, ভোর থেকেই রাস্তায় মুসল্লিদের ঢল নেমেছে। গাড়ি পাচ্ছেন না বেশিভাগে। ৪জন মুসল্লিকে আমার গাড়িতে করে নিয়ে যাচ্ছি। দোয়া করবেন।

এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। কাল (সোমবার) থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন