Logo

জাতীয়

ইজতেমায় বাদ মাগরিব বয়ান করছেন ভারতের মাওলানা আহমাদ লাট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩

অ
ইজতেমায় বাদ মাগরিব বয়ান করছেন ভারতের মাওলানা আহমাদ লাট

ছবি : বাংলাদেশের খবর

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর শুরু হয়েছে। এ ধাপে দেশের ২২টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন।

এদিন সকাল থেকেই ইজতেমা ময়দানে বিশেষ আলোচনা ও দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন খিত্তায় অবস্থান নেওয়া মুসল্লিরা নিজ নিজ জামাতের সঙ্গে পরামর্শ ও মুজাকারা করেন এবং আগামী তিন দিনের আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বিশ্ব ইজতেমার নিয়ম অনুযায়ী, প্রতিদিন বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আলেম ও মুরুব্বীরা দ্বীনি বয়ান করেন। আজ বাদ জোহর তাবলীগ জামাতের অন্যতম প্রবীণ মুরুব্বী, পাকিস্তানের মাওলানা জিয়াউল হক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। তার বয়ানে দ্বীনের দাওয়াত, আত্মশুদ্ধি ও ইসলামের প্রচার-প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বাদ মাগরিব তাবলীগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বী, ভারতের মাওলানা আহমাদ লাট বয়ান পেশ করছেন। তার গুরুত্বপূর্ণ বয়ানের অনুবাদ (তরজমা) করছেন তাবলীগ জামাতের শূরা সদস্য মাওলানা ওমর ফারুক।

বয়ানে দ্বীনের দাওয়াত, বিশ্বব্যাপী ইসলামের প্রচার, আত্মগঠন ও সুন্নাহ মোতাবেক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। ইজতেমায় আসা মুসল্লিরা গভীর মনোযোগের সঙ্গে বয়ান শোনেন এবং আমল করার সংকল্প করেন।

প্রথম পর্বের দ্বিতীয় ধাপের এই ইজতেমা আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেবেন এবং বিশ্ব উম্মাহর জন্য শান্তি, হেদায়াত ও কল্যাণ কামনা করা হবে।

এএস/বিএইচ

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন