স্বাস্থ্যসহ ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৪:০১
স্বাস্থ্য খাত ও গণমাধ্যম সংস্কার কমিশনসহ পাঁচ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার। কমিশনগুলো গঠন করে রোববার পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৮ নভেম্বর) মন্ত্রিপরিষদ থেকে এসব প্রজ্ঞাপন গণমাধ্যমে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে দেখা যায়, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, বাংলাদেশ ইনিস্টিউটে অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের শ্রম সংস্কার কমিশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর তোফায়েল আহমেদকে প্রধান করে আট সদস্যের স্থানীয় সংস্কার কমিশন এবং নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হককে প্রধান করে ১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এছাড়া সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশনেরও ১০ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন অবিলম্বে এর কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।
কমিশনের প্রধানসহ অন্য সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানি ও সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এটিআর/এমআই

