Logo

জাতীয়

সাদপন্থিরা ইজতেমা মাঠ বুঝে পাবেন ৮ ফেব্রুয়ারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৯

অ
সাদপন্থিরা ইজতেমা মাঠ বুঝে পাবেন ৮ ফেব্রুয়ারি

ছবি : বাংলাদেশের খবর

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আয়োজনের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি ইজতেমা মাঠ মাওলানা সাদ অনুসারীদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান। 

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপের কার্যক্রম বুধবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। মোনাজাত শেষে সন্ধ্যায় শুরায়ী নেজাম (জুবায়ের অনুসারী) পুলিশকে মাঠ বুঝিয়ে দেবে। তারপর ইজতেমা মাঠ দুইদিন পুলিশের হেফাজতে থাকবে।’

তিনি আরও বলেন, ‘ইজতেমা দ্বিতীয় পর্ব (১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি) আয়োজনের জন্য মাওলানা সাদ অনুসারীদের ৮ ফেব্রুয়ারি মাঠ বুঝিয়ে দেবে পুলিশ। মাঠ বুঝে পাওয়ার পর তারা মাঠ ইজতেমার জন্য নতুন করে প্রস্তুত করবেন।’ 

উল্লেখ্য, এর আগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ৫৮তম বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ সম্পন্ন করে বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের অধীনে জুবায়েরপন্থিরা। প্রথম ধাপে ৪১ জেলার মুসল্লিরা অংশ নেন। 

দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার মুসল্লিরা। 

এ ছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা তাঁবু। 

৩ থেকে ৫ ফেব্রুয়ারি চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা। আগামীকাল ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। মাওলানা সাদ অনুসারীরা এ পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনব্যাপী এ পর্বের ইজতেমা আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে। 

এসআইবি/এমজে

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন