বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলার এজাহার অনুসারে, বাড়ি ভাড়ার ভুয়া চুক্তিপত্র দেখিয়ে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এক কোটি ৯২ লাখ টাকা ঘুষ নেন।
এছাড়া, রপ্তানি জালিয়াতি অংশ হিসেবে পণ্য বিক্রির ভুয়া চুক্তির মাধ্যমে আরও এক কোটি ৮৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালে প্রথম বারের মতো বিএসইসির চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর গতবছরের ১৬ মে পুনর্নিয়োগ পান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান। এছাড়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৯ অক্টোবর তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়। এরপর গত ৩০ জানুয়ারি তার পাসপোর্ট বাতিল করে সরকার।
জান্নাতুন নাইম/এটিআর

