Logo

জাতীয়

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৮

অ
ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বৃহস্পতিবার সকালে গোলাম মোহাম্মদ আলমগীরকে আদালতে হাজির করা হয়। এরপর রিমান্ড শুনানির জন্য দুপুর ১২টায় এজলাসে তোলা হয় তাকে।

আসামি পক্ষে বিএনপিপন্থী আইনজীবী নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান ও বিএনপিপন্থী আইনজীবী নেতা খোরশেদ আলম তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর রিমান্ডের পক্ষে শুনানি করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। 

এর আগে গতকাল বিকেলে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক আব্দুল মাজেদ। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে গত ৪ ফেব্রুয়ারি মামলা দায়ের করে দুদক। দুদকের পরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের নিজ নামে মোট ৭২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। যার বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫৩ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৬৭ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকা। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারার মামলা দায়ের করা হয়েছে।

  • জেএন/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন