হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ভারতকে নোট দিল বাংলাদেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সে জন্য ঢাকাস্থ ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি, শেখ হাসিনাকে সংযত করার জন্য, যেন উনি এ ধরনের বক্তব্য না দেন; যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটার কোনো জবাব পাইনি এখনো। আমরা আজ আবার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছি।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রদিবাদ নোটটি দিয়েছি এবং আমরা আবারও অনুরোধ করেছি, যেন তাকে থামানো হয়। ‘কারণ তার যে বক্তব্য প্রধানত মিথ্যা। উনি যেসব কথা উল্লেখ করছেন সেটা এক ধরনের অস্থিশীলতা উসকে দিচ্ছে বাংলাদেশে। এ জন্য আমরা অনুরোধ করেছি এই অনুশীলনটা বন্ধ করার জন্য।’
একই সাথে পররাষ্ট্র মন্ত্রাণালয় ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে।
এসআইবি/এমজে

