Logo

জাতীয়

তিতুমীর কলেজ : আন্দোলনকারীদের সতর্ক করলেন আসিফ নজরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১১:০৫

অ
তিতুমীর কলেজ : আন্দোলনকারীদের সতর্ক করলেন আসিফ নজরুল

সরকার শক্ত হলে ভালোভাবেই হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘কোথাও দাঁড়িয়ে বলে দেবেন আর একটি কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেবে, মন চাইলে এইচএসসি পরীক্ষা দেবেন না, আমার রেজাল্ট বদলে দিতে হবে- এটা কী ধরনের আন্দোলন?’

আন্দোলনকারীদের সতর্ক করে তিনি বলেন, ‘সরকার শক্ত হলে ভালোভাবেই হবে।’ 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন : আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আন্দোলন করেন, কিন্তু মানুষকে জিম্মি করে নয়। গতকাল (১৮ নভেম্বর) আমি শুনেছি ট্রেনে ঢিল মেরে নারী, শিশুদের আহত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হয়রানিমূলক, জিম্মি করা আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত শক্তিশালী হচ্ছে। যে কেউ ভিন্নমত পোষণ করতে পারে। কিন্তু আন্দোলনকারীরা যদি এভাবে রাস্তা ব্লক করে সাধারণ মানুষকে জিম্মি করে ভোগান্তিতে ফেলে, অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি করে তাহলে সাধারণ মানুষের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা উচিত।’

আসিফ নজরুল বলেন, ‘কঠোর পদক্ষেপ নিলে সবাই সমালোচনা শুরু করবেন। পুলিশ কেন ব্যবস্থা নিল, আগের পুলিশ কিনা। এ ধরনের বিষয় ম্যানেজ করা খুবই টাফ। রাষ্ট্র যদি শক্ত হয়, দুই একজন যদি আহত বা গ্রেপ্তার হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কষ্ট তৈরি হবে। যে আমরাও বিগত সরকারের মতো দমন নীতিতে যাচ্ছি কি না? সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নিয়েছি, এখানে অনেক চিন্তা করতে হয়। সাধারণ মানুষের কষ্ট হবে কি না সেটাও দেখতে হয়।’

উল্লেখ্য, রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। 

ডিআর/এমইউ/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন