ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে এবারের জাতীয় ভোটার দিবস উদ্যাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ মার্চ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার দিবস উপলক্ষ্যে গঠিত কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার দিবস উপলক্ষ্যে মাঠ পর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র্যালি, আলোচনা সভা আয়োজন করা হবে।
এক্ষেত্রে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে। যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য হতে ১০ জন সমন্বয়ক উপস্থিত থাকবেন।
এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অবজারভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।
অন্যদিকে ভোটার দিবসকে কেন্দ্র করে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রমও হাতে নেবে সংস্থাটি। জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। সে তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন।
এসআইবি/ এফএটি

