নিয়োগ বাতিল
লাগাতার অবস্থান কর্মসূচিতে প্রাথমিকের শিক্ষকরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৬৫৩১ জন শিক্ষকের যোগদানের দাবিতে প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করছেন নিয়োগ বঞ্চিতরা।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তবে আজ (রোববার) শিক্ষকদের উপস্থিতি দুই হাজারের বেশি ছাড়িয়েছে।
ইতোমধ্যে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে কার্যালয়ে গিয়েছেন।
তারা বলছেন, ‘একই সার্কুলারে প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ প্রাপ্তরা চাকরি করছে, কিন্তু আমরা রাজপথে বসে আছি। আমাদের নিয়োগপত্র দেওয়ার পরও কেড়ে নেওয়া হয়েছে। আমরা নিয়োগ চাই। নিয়োগ না পাওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।’
এসময় ‘প্রহসনের এই রায়, মানি না মানব না’, ‘আমি কে তুমি কে,শিক্ষক শিক্ষক’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন হাই কোর্ট। তাৎক্ষণিক তারা হাই কোর্টে এর প্রতিবাদ জানান। তার পর থেকে তারা টানা কর্মসূচি পালন করে আসছেন।
এসআইবি/এটিআর

