জুলাই আন্দোলনের ফুটেজ-ছবি ওয়েবসাইটে আপলোডের আহ্বান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০২
জুলাই-আগস্টের গণঅভুত্থ্যানকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাসমূহের তথ্য-প্রমাণ এবং ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করবে বাংলাদেশ পুলিশ।
এ লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্রসহ ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ (andolonerchobi.police.gov.bd) ওয়েবসাইটে আপলোড করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘একটি মোবাইল নাম্বার দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নাম্বার দিয়ে লগ-ইন করে দেখা যাবে।’
তিনি আরও জানান, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবসাইটে এসব স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে।
আপলোডের জন্য ওয়েবসাইট: [andolonerchobi.police.gov.bd](http://andolonerchobi.police.gov.bd)
এনএমএম/এটিআর

