Logo

জাতীয়

শর্তহীনভাবে ইজতেমার অনুমতি পেলেন সাদপন্থিরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬

অ
শর্তহীনভাবে ইজতেমার অনুমতি পেলেন সাদপন্থিরা

বিভিন্ন বিতর্ক ও আলোচনার পর অবশেষে শর্তহীনভাবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আয়োজনের অনুমতি পেয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রোববার (৯ ফেব্রুয়ারি) তাদের কাছে টঙ্গীর ইজতেমা ময়দান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ৬ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৯ ফেব্রুয়ারি বাদ আসর ইজতেমা ময়দান তাবলীগ জামাত বাংলাদেশ, মাওলানা সাদ অনুসারীদের নিকট হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত কয়েক বছর ধরে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিরোধের কারণে বিশ্ব ইজতেমার আয়োজনে বিভক্তি দেখা দেয়। এক পক্ষ ভারতের মাওলানা সাদ কান্ধলভির নেতৃত্ব মেনে নিলেও অন্য পক্ষ তার মতাদর্শের বিরোধিতা করে আসছে। এই দ্বন্দ্বের জেরে ইজতেমার আয়োজন নিয়ে বেশ কয়েকবার অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে এবার শর্তহীনভাবে মাঠ বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্তের ফলে সাদ অনুসারীরা নির্ধারিত সময়ে ইজতেমার আয়োজন করতে পারবেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এরই মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যেখানে মাওলানা যুবায়ের অনুসারীরা অংশ নেন। দ্বিতীয় পর্বেও লাখো মুসল্লির উপস্থিতির সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমা বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামী সমাবেশ, যেখানে দেশ-বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিয়ে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কাজে অংশগ্রহণ করেন।

এমএএস/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন