ধানমন্ডি ৩২ : সিআইডির ক্রাইম সিন ইউনিটের আলামত সংগ্রহ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫
ধানমন্ডির ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আজ (সোমবার) সকালে ঘটনাস্থলে যায় তারা।
সিআইডির টিমকে সহায়তা করে ধানমন্ডি থানা পুলিশ। জানা গেছে, ক্রাইম সিন ইউনিট সেখান থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েক তলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে। তারপর কয়েকদিন ধরে বাড়িটির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা।
সেটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩২ নম্বরের বেজমেন্টে গতকাল রোববার সকাল থেকে পানি সেচের কাজ করে ফায়ার সার্ভিস। সেচের কাজ শেষে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া ১টার দিকে। এরপর আজ সেখানে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে কাজ করতে দেখা গেছে।
এনএমএমম/এটিআর

