অপারেশন ডেভিল হান্ট
সারাদেশে মোট গ্রেপ্তার ১৫২১
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৭
বাংলাদেশের খবরের ভিডিও থেকে নেওয়া ছবি
অপারেশন ডেভিল হান্টে সোমবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সাথে অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৭৮ জন। সবমিলিয়ে আজ একদিনে গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ৫২১ জন।
ইনামুল হক সাগর বলেন, অপারেশন ডেভিল হান্টে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিদেশি পিস্তল একটি, দুইটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শটগান কার্তুজ, ৩টি ছুরি, ৩টি তলোয়ার, ১টি কুড়াল, ১০টি ককটেল ও ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন—
জানা গেছে, ডেভিল অর্থ হচ্ছে শয়তান, আর হান্ট অর্থ শিকার। ডেভিল হান্ট, যার ইংরেজি শাব্দিক অর্থ গিয়ে দাঁড়ায় শয়তান শিকার করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার ব্যাপারটি বোঝানো হয়েছে।
অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।
এনএমএম/বিএইচ

