তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২
দেশব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে সক্রিয় অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস পিএলসি। রাজধানীসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধারাবাহিকভাবে এই অভিযান চলছে।
তিতাস গ্যাসের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা ও খাগাইল এলাকায় তিতাস গ্যাসের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ১,৮০০ ঘনফুট গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ১৩০ ফুট পাইপ, ৫টি কম্প্রেসারসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। এতে প্রতিদিন প্রায় ১৫,৮৫৬ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
একই দিনে আশুলিয়ায় মেসার্স মিজান সিএনজি স্টেশনে অভিযান চালিয়ে নকল সিলের মাধ্যমে গ্যাস চুরির প্রমাণ পেয়ে গ্যাস সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। এতে মাসিক প্রায় দেড় কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে ১৮১টি শিল্প, ১০০টি বাণিজ্যিক ও ২২,৩৭৫টি আবাসিক সংযোগসহ মোট ২২,৬৫৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৫১,৬০৮টি বার্নার অপসারণ এবং ১১২ কিলোমিটার পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

