পরিষদের বৈঠকে প্রথমবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৬:৪০
ছবি : সংগৃহীত
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক বসেছে। বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সচিবালয়ে এটিই তার প্রথম অফিস।
বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০২৪’-এর খসড়া অনুমোদনের জন্য উঠছে।
বুধবার দুপুরে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, প্রথমবার সচিবালয়ে গিয়ে প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করবেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ অধ্যাদেশের বিষয়ে বলেন, আদালত যদি মনে করে তাহলে অপরাধী রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নির্বাচন কমিশন আছে। আদালত যদি মনে করে তারা সেটা করতে পারবে। তবে শাস্তি দেবেই, এমন নয়। এখন উপদেষ্টা পরিষদের ওপর নির্ভর করছে, তারা এটাকে কীভাবে গ্রহণ করে। এটা রাখবেন কি না কিংবা রাখলেও কী ফর্মে রাখবেন।’
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
ডিআর/এমইউ/এমএইচএস

