তৌহিদী জনতার আহমকিতে শান্তি বিনষ্ট হতে যাচ্ছে : মাহফুজ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৮
বইমেলায় একটি স্টলে হট্টগোলের ঘটনার দিকে ইঙ্গিত করে বিশেষত ছাত্র-জনতার উদ্দেশে মব বন্ধ করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুকে তিনি লিখেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজ দেওয়া একটি পোস্টে তিনি এসব কথা লেখেন।
ওই পোস্টে তিনি আরও লেখেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।
বইমেলায় হট্টগোল করা মাদ্রাসাছাত্রদের উদ্দেশে তিনি লেখেন, তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকার ও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!
ডিআর/বিএইচ

